পাবনা শহরের রথঘর এলাকায় একটি ছাত্রাবাসের কাজের মেয়ের তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত মোজাহারকে (বাড়ির মালিকের ঘরজামাই) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর থেকেই পলাতক থাকা এই আসামিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ-এর সরাসরি দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। মোজাহার আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশের জালে ধরা পড়ে।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় পাবনা রথঘর এলাকার একটি ছাত্রাবাসে কাজের বুয়ার শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ওই বাড়ির ঘরজামাই মোজাহার। শিশুটির চিৎকার ও কান্নায় স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এডওয়ার্ড কলেজ ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মোজাহারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এই দ্রুত পদক্ষেপের জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

0 মন্তব্যসমূহ