পাবনার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী।
গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়া শেষে আজই কারাগারে পাঠানো হবে।
প্রসঙ্গত, ২০২৫ সালে ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে আটজন পুলিশ সদস্য আহত হন।
ছিনিয়ে নেওয়ার তিনদিন পর ৫ ফেব্রুয়ারি সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর সুজানগর এলাকায় আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন আব্দুল ওহাব এবং তার সমর্থকরা। গত রমজানে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করে। এছাড়াও, পাবনা জজ কোর্টে হাজিরা দেওয়ার পর একাধিকবার পাবনা জজ কোর্ট চত্বরে জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

0 মন্তব্যসমূহ