সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান, আটক- ৩


পাবনায় সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের দোকানের আড়ালে গড়ে তোলা একটি অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ। এর আগে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০), চরতারাপুর ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও পাবনা শহরের শালগাড়িয়া এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে শেখ মফিজুল ইসলাম (৪০)। তাদের মধ্যে আফজাল হোসেন ছিলেন এ কারখানার মালিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে প্রথমে গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় আফজালকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দুইনলা বন্দুক, দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আফজালের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা শহরের রূপকথা রোডের বোরহান মার্কেটে তার নিজস্ব দোকানে দ্বিতীয় দফা অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে গিয়ে দেখা যায়, সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের বৈধ ট্রেড লাইসেন্স থাকলেও দোকানের পেছনে সুকৌশলে গড়ে তোলা হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরি ও মেরামতের কারখানা। সেখান থেকে বন্দুকের বডি, ব্যারেল, ট্রিগার, স্প্রিং, ফায়ারিং পিন এবং অস্ত্র তৈরির ড্রিল মেশিনসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। অভিযানে এই চক্রের সহযোগী মফিজুল ও জাহাঙ্গীরকেও আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রাশিদুল ইসলাম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি ও মেরামত করে বিভিন্ন মহলে সরবরাহ করে আসছিল। এই ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ