সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় এনজিও কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলায় ৩ কর্মকর্তা আহত

 


পাবনায় ঋণের কিস্তি আদায় করতে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ওই এনজিওর সহকারী ব্যবস্থাপক মো. রাকিবুল ইসলাম (৩০), উপ-ব্যবস্থাপক মো. বাকী বিল্লাহ (৩৫) এবং শাখা ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম (৩৬)।

বুধবার (২২ এপ্রিল) বিকালে সদর উপজেলার চর ঘোষপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাবনা থানায় মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, বেসরকারি সংস্থাটির চর ভবানীপুর শাখা থেকে জাকিয়া খাতুন নামে এক গ্রাহক মৌসুমি ঋণ গ্রহণ করেন। চলতি মাসে ঋণ পরিশোধের নির্ধারিত সময় হলেও তিনি তা পরিশোধ না করে বিভিন্নভাবে কর্মকর্তাদের এড়িয়ে যেতে থাকেন।

অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে জাকিয়া খাতুন ঋণের টাকা পরিশোধের কথা বলে এনজিও কর্মকর্তাদের তার বাড়িতে ডেকে নেন। সেখানে আগে থেকেই ওতপেতে থাকা তার স্বামী রেজাউলসহ পরিবারের অন্য সদস্যরা ওই কর্মকর্তাদের ঘেরাও করেন। একপর্যায়ে তারা কর্মকর্তাদের ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক মো. ইলিয়াস হোসেন বাদী হয়ে রেজাউল, জাকিয়া খাতুনসহ পাঁচজনকে আসামি করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।


পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ