পাবনা সদর উপজেলার গয়েশপুর একটি পুকুরের পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুদ্দুস আলী শেখ (৫৫) পাবনা সদর উপজেলার গয়েসপুর ইউনিয়নের মাসিমপুর উত্তর পাড়ার মৃত সুরত আলী শেখের ছেলে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের একটি পুকুরের পাড়ে একটি মরদহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে গতরাত থেকে নিখোঁজ কুদ্দুস আলীর স্বজনরা মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কুদ্দুসের বলে শনাক্ত করেন। স্থানীয়রা জানান, কুদ্দুস আলী গরু কেনাবেচার ব্যবসা করতেন। গত শনিবার বিকেলে কুদ্দুসসহ তার কয়েক বন্ধু এলাকার একটি ভুট্টা খেতের ভেতর তাস দিয়ে জুয়া খেলছিলো।
সে সময় কেউ একজন মুঠো ফোনে তাদের বলে পুলিশ যাচ্ছে। এমন খবরে সবাই সেই আসর থেকে দৌড়ে পালিয়ে যায়। সে সময় কুদ্দুস দৌড় দিয়েছিল কিনা কেউ খেয়াল করে নি বলে জানান সে সময় তার সাথে থাকা তারই নিকট এক আত্মিয়।
রাতে কুদ্দুস আর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন ভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি। রবিবার সকালে ভুট্টা ক্ষেতের পাশে পুকুরপাড় থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরের কয়েকটি স্থানে পোড়া ছিলো বলে তার স্ত্রী মাহমুদা অক্তার জানান।
পাবনা সদর থানার এস আই ফাহাদ হাসান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। তবে মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

0 মন্তব্যসমূহ