মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) পাবনার সাঁথিয়ার সাইয়েদ বিন আব্দুল্লাহ। আজ শনিবার (১৬ মে) বিকেলে সাঁথিয়া হাইস্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সাইয়েদ বিন আব্দুল্লাহকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো তিনি তাঁর নিজ জন্মভূমি সাঁথিয়ায় আসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইয়িদ বিন আব্দুল্লাহ বর্তমান সরকারের শিক্ষা, চিকিৎসাসেবা, বেকারত্ব দূরীকরণসহ সকল প্রকার উন্নয়ন কাজে জনগণের অংশিদারিত্ব দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি এ সময় বলেন, আমাদের এলাকা পেঁয়াজ আবাদ সমৃদ্ধ এলাকা। এজন্য উন্নতমানের পেঁয়াজ সংরক্ষণাগার ব্যবস্থা করা হবে। এলাকার যুবকদের কর্মসংস্থানের জন্য কল-কারখানা নির্মাণের মাধ্যমে এবং বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলে বাইরের দেশে কর্মসংস্থান করার মাধ্যমে এ দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ নিজের জমি প্রদান করে মা ও শিশু হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন।
পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাহউদ্দিন খান পিপিএম, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাসুদ খন্দকার, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল প্রমুখ।

0 মন্তব্যসমূহ