পাবনার ঈশ্বরদীতে ২০০টি ইয়াবাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (০৯ মে) রাতে ঈশ্বরদী থানার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ভট্টু (৪৫) ও তার ছেলে মো. নূর ইসলাম শিমুল (২০)।
জানা গেছে, পাবনা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, শনিবার রাতে ডিবি পুলিশের একটি দল ঈশ্বরদী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ভট্টু ও তার ছেলে নূর ইসলাম শিমুলকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ভট্টুর হেফাজত থেকে ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আরও জব্দ করা হয় তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১৩০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার দুজন বাবা-ছেলে এবং তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, পাবনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ