সর্বশেষ

6/recent/ticker-posts

রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ



বার্তা সংস্থা পিপ (ঢাকা) : যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ শনিবার (১৬ মে) দুপুরে  সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস (Kamil Idris) সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির একান্ত সচিব মোঃ দিদারুল আলম বঙ্গভবন প্রেস উইংকে জানান, সকালে লন্ডনের হোটেল হিলটনের লবিতে অনুষ্ঠিত  অনানুষ্ঠানিক এই সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ড. কামিল ইদ্রিস বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ এবং রাষ্ট্রপতির সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনও সুদানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং সুদানের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক সংকটময় সময়ে ধৈর্য্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব প্রদানের জন্য রাষ্ট্রপতিকে সাধুবাদ জানান। তিনি সুদানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সুদানের প্রধানমন্ত্রীকে তাঁর আন্তরিকতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও সুদানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ