পাবনার ভাঙ্গুড়ায় ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া চৌরাস্তার মোড় থেকে বিশাকোল বাজার অভিমুখে প্রায় ২০-৩০ গজ এগোলেই সড়কের বাম পাশে দেখা মিলেছে ঝুঁকিপূর্ণ বড় গর্তের। দীর্ঘদিন ধরে গর্তটি খোলা অবস্থায় থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের একেবারে পাশ ঘেঁষে গভীর গর্ত তৈরি হওয়ায় পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাতের অন্ধকারে কিংবা বর্ষার সময় গর্তটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে করে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাস্তার একপাশ ভেঙে বড় গর্ত হয়ে গেছে। যেকোনো সময় মানুষ বা যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
স্থানীয় একলাবাসির বলছেন, দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্তত অস্থায়ীভাবে গর্তের চারপাশে সতর্কতামূলক ব্যারিকেড বা চিহ্ন বসানো হলে দুর্ঘটনার ঝুঁকি কিছুটা কমবে।
এলাকাবাসী অবিলম্বে সড়কটি সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্যসমূহ