সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীতে কলা চুরির অভিযোগে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন


পাবনার ঈশ্বরদীতে বাগান থেকে কলা চুরির অভিযোগে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলচারা এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। তবে কিশোরদের নির্যাতনে কারা জড়িত এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। 

নির্যাতনের শিকার কিশোরেরা উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের বাসিন্দা। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, তিনজন দাশুড়িয়া এলাকায় প্রাইভেট পড়া শেষে অটোরিকশায় করে মুলাডুলির দুবলাচারা এলাকায় ঘুরতে যায়। এ সময় বাজি ধরে স্থানীয় একটি কলাবাগান থেকে বেশ কিছু কলা চুরি করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক তিনজনকে আটক করে গাছে বেঁধে রাখেন। তাদের বেঁধে রাখার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা তিন শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধারে যাওয়া ঈশ্বরদী থানার এসআই বিজন কুমার সরকার বলেন, দ্রুত সময়ের মধ্যে দুবলাচরা গ্রাম থেকে তিন কিশোরকে উদ্ধার করেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। সেখানে উপস্থিত কেউই কারা জড়িত তাদের নাম বলেনি। তিনজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি, করলে ঘটনাটির তদন্ত করা সহজ হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ