পাবনার ঈশ্বরদীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালী মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী জানায়, ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন তিনি। লালন শাহ সেতু পার হওয়ার পর প্রাকৃতিক প্রয়োজনে গাড়ি থামালে দুটি মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তি নিজেদের প্রশাসনের লোক ও ডিবি সদস্য পরিচয় দিয়ে তাদের আটকে তল্লাশি চালায়।
তারা গাড়িতে মাদক রয়েছে বলে দাবি করলেও তল্লাশিতে কিছুই পায়নি। পরে সিটের পেছনে রাখা মাছ বিক্রির টাকাভর্তি ব্যাগ দেখে সেটিকে সন্দেহজনক বলে দাবি করে।
ব্যবসায়ী জানান, তিনি ঘটনাস্থলেই ব্যাগ খুলে দেখানোর প্রস্তাব দিলেও অভিযুক্তরা তা প্রত্যাখ্যান করে। তারা বলে, পাশের পুলিশ ফাঁড়িতে নিয়ে ব্যাগ পরীক্ষা করা হবে।
এরপর ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীকে মোটরসাইকেলের পিছু নিতে বাধ্য করা হয়। তবে পুলিশ ফাঁড়ির দিকে না গিয়ে তারা হারুখালী মাঠের নির্জন এলাকায় চলে যায়। পথ পরিবর্তনের বিষয়ে প্রশ্ন তুললে ব্যবসায়ীকে গালাগাল ও হুমকি দেওয়া হয়।
নির্জন স্থানে পৌঁছে দুর্বৃত্তরা ব্যবসায়ীর কাঁধে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দেখিয়ে তাকে জিম্মি করা হয়। পরে ব্যাগে থাকা মাছ বিক্রির ৪ লাখ ২৬ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায় তারা।
ঘটনার পর স্থানীয় এক মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের ধাওয়া করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.jpg)
