সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কাটার মহোৎসব



পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া চরপাড়া গ্রামে চলছে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব কর্তৃপক্ষকে অবগত করা হলেও অদৃশ্য কারণে নিচ্ছেন না   কোন ব্যবস্থা।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে। প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।

সরেজমিন ঘুরে  জানা যায়, উপজেলার পাটুলিপাড়া চরপাড়া এলাকায় গভীর রাতে স্কেভেটর / ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে ফসলি জমি থেকে মাটি কেটে তা কয়েকটি ইঞ্জিন চালিত (স্থানীয়ভাবে যা ‘কুত্তা গাড়ি’  বা কুতুব গাড়ি নামে পরিচিত) গাড়ি দিয়ে ফরিদপুর ইটভাটা ও আশপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে। আর এ কাজের সাথে জড়িত রয়েছে  মোঃ ইকবাল হোসেন (৩৮)। ইকবাল হোসেন পাটুলিপাড়া বাসিন্দা মোঃ শাজাহান আলীর ছেলে। স্থানীয়  একাধিক ব্যক্তি জানান,  এই মাটি ফরিদপুরের সাইদুল নামের এক ব্যক্তির নিকট তিনি বিক্রয় করছেন। আর এই মাটিগুলো নেওয়ার ফলে সরকারি রাস্তার খুব বেহাল দশা সৃষ্টি হয়েছে। 

এলাকাবাসীর অভিযোগ, ফসলি জমি কেটে ইটভাটায় মাটি বিক্রির ফলে একদিকে যেমন কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার কাঁচা ও আধাপাকা সড়কগুলো ভেঙে পড়ছে। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

বাংলাদেশের বিদ্যমান ভূমি আইন অনুযায়ী, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত আইন ২০১৫ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

এ অবস্থায় দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল ও এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ