পাবনার পাম্পগুলোতে আজও জ্বালানি তেলের সংকটে ভোগান্তিতে গাড়ির চালক-মালিকেরা। অধিকাংশ পাম্প তেলশূন্য। কিছু স্থানে জ্বালানি সরবরাহ বহাল থাকলেও, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকার পর মিলছে সামান্য। এতে বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক ও অফিসগামীরা। সেই সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি ভাড়ার ভোগান্তি।
পাবনার বেশিরভাগ ফিলিং স্টেশনের চিত্র এখন প্রায় একই রকম। অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারি থাকলেও পাম্প বন্ধ। কোথাও ইশারা করে, আবার কোথাও দড়ি টানিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে চালকদের।
চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় এ অবস্থা, বলছেন পাম্প সংশ্লিষ্টরা। বেশ কয়েকটি পাম্প ঘুরেও জ্বালানি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন চালকেরা। তবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও উঠেছে কোথাও কোথাও।
কিছু পাম্পে সরবরাহ থাকলেও সেখানে মোটরসাইকেল ও গাড়ির সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দ্রুত তেল সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিজ্ঞপ্তি অনুযায়ী, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে শুক্র ও শনিবার বন্ধের দিনেও খোলা রাখা হয়েছে তেলের ডিপো।

0 মন্তব্যসমূহ