র্যাবের সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১২ এর যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পাবনা শহরের কাচারীপাড়া মহল্লার বাসিন্দা রকিব রানা ও পশ্চিম সাধুপাড়া মহল্লার শ্যুটার আলমগীরকে।
উদ্ধার করা হয়েছে ১২টি হাতিয়ার ও ৮৯৭ পিচ গুলি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মাঝে রয়েছে ৪ টি লং রাইফেল, ৫টি একনলা বন্দুক, ম্যাগজিনসহ ২টি ১২ বোর শর্টগান, খালি ম্যাগজিনসহ একটি পিস্তল এবং ৮৯৭ পিচ গুলি। র্যাবের সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখার চৌধুরী জানান, সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এর সন্নিকটে পাবনা অভিমূখী সড়কে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় রকিব রানাকে।
তার কাছ থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার শেখেরটেক এলাকা থেকে গ্রেফতার করা হয় শ্যুটার আলমগীরকে। এ সময় তার হেফাজতে থাকা আরেকটি প্রাইভেট কারও জব্দ করা হয়। তারা দুজনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলার এজাহারভূক্ত আসামী।
র্যাব জানায়, ধৃত দুজনই অস্ত্র ব্যবসায়ী। গ্রেফতারকৃত শ্যুটার আলমগীরের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ৭টি মামলা রয়েছে। অপরদিকে রকিব রানার বিরুদ্ধে হত্যা, প্রতারণা ও চেক জালিয়াতির মামলা রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে পাবনা শহরের কাচারীপাড়ার রকিব রানার বাড়ি থেকে ১টি শর্টগান, ১টি বন্দুকের বাট ও অস্ত্রের মেশিনারীজ টুলবক্সসহ তার স্ত্রী ফারহানা খন্দকারকে গ্রেফতার করে র্যাবের অভিযানিক দল।

0 মন্তব্যসমূহ