পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল মাবুদ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় মো. আলামিন ওরফে মুন্না (৩৩) নামের অপর এক অভিযুক্ত পালিয়ে যান।
রবিবার (০৯ আগস্ট) ভোর রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মাবুদ কাশিপুর গ্রামের মো. কোয়াজ আলীর ছেলে। পলাতক আলামিন ওরফে মুন্না একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শের আলমের নেতৃত্বে একটি দল কাশিপুর গ্রামে আব্দুল মাবুদের বাড়ি ঘেরাও করে। পরে রাত দুইটার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরনো বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে সংশ্লিষ্ট আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামী আলামিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং জেলার সর্বত্র মাদকবিরোধী নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে।
.jpg)
