পাবনার চাটমোহরে মানবদেহের জন্য চরম ক্ষতিকর কেমিক্যাল ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে সুমন ঘোষ নামে এক মিষ্টি ব্যবসায়ীকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২৭ আগস্ট) বিকেলে চাটমোহর পৌর এলাকার নতুন বাজারে এই চাঞ্চল্যকর অভিযান পরিচালনা করা হয় ।
আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা. নাসের চৌধুরী। সুনির্দিষ্ট গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন নতুন বাজারের সুমন ঘোষের মিষ্টির দোকান ও কারখানায় আকস্মিক হানা দেয়। এ সময় কারখানার ভেতরে কেমিক্যাল দিয়ে কৃত্রিম উপায়ে নকল দুধ তৈরির হাতেনাতে প্রমাণ মেলে ।
অনুসন্ধানে জানা যায়, সুমন ঘোষ দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই সিন্ডিকেট চালিয়ে আসছিলেন এবং বিপুল পরিমাণ বিষাক্ত নকল দুধ তৈরি করে বিভিন্ন নামী-দামী মিষ্টি প্রতিষ্ঠান ও বাজারে সরবরাহ করতেন।
অভিযান চলাকালে কারখানাটি থেকে বিপুল পরিমাণ কেমিক্যাল, জেলি, বিষাক্ত কস্টিক সোডা, ব্লেন্ডার মেশিন, ডালডাসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর তেল ও নকল দুধ তৈরির নানাবিধ উপকরণ জব্দ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও সম্পূর্ণ নোংরা ও চরম অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি এবং শিশুদের পছন্দনীয় বিভিন্ন খাদ্যজাতীয় পণ্য তৈরি করার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত ।
অভিযানে অংশ নেওয়া স্থানীয় স্যানিটারি ইন্সপেক্টর জানান, রাসায়নিক ও কস্টিক সোডা মিশ্রিত এই ভেজাল দুধ এবং তা দিয়ে তৈরি মিষ্টি মানবদেহের জন্য একটি নীরব ঘাতক। নিয়মিত এসব ভেজাল খাদ্য গ্রহণ করলে সাধারণ মানুষ তো বটেই, বিশেষ করে শিশুরা লিভার নষ্ট, হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা হারানো, কিডনি বিকল ও ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে ।
অপরাধ প্রমাণিত হওয়ায় প্রচলিত ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মিষ্টি ব্যবসায়ী সুমন ঘোষকে নগদ অর্থ জরিমানা এবং বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাৎক্ষণিকভাবে জব্দকৃত সব ক্ষতিকর রাসায়নিক উপকরণ ধ্বংস করা হয়।
চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির সিন্ডিকেট ভেঙে দিতে এ ধরনের কঠোর ও আকস্মিক অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।
.jpg)
