আব্দুল কাইউম : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর পূর্বপাড়ায় তৃণমূল কৃষাণ-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় সভা, ফলজ ও বনজ গাছের চারা এবং সবজি বীজ বিতরণ করেছে লোকসংস্কৃতি পরিষদ পাবনা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) লোকসংস্কৃতি পরিষদ পাবনার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি জমিতে সারের সঠিক প্রয়োগ, কীটনাশকের ক্ষতিকর দিক, কৃষকদের জন্য সরকারি প্রণোদনা, গাছ লাগানোর সঠিক পদ্ধতি এবং বীজ সংরক্ষণ বিষয়ে কৃষকদের সচেতন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজা খাতুন মুন্নি। কৃষক হাজী মকছেদ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোকসংস্কৃতি পরিষদ পাবনার আহ্বায়ক আব্দুল কাইউম তমাল।
আলোচনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজা খাতুন মুন্নি কৃষকদের নিরাপদ ও সঠিক কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। তিনি অতিরিক্ত ওষুধ ও সারের ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন।
পরে উপস্থিত কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা এবং সবজি বীজ বিতরণ করা হয়। একই সঙ্গে গাছ লাগানোর কর্মসূচিও পালন করা হয়।
এ সময় মো. জামাল মন্ডল, মো. কামাল মন্ডল, হাসেম প্রাং, সাদাত বাহার, শুকরাজ সোহেল, মো. শিবলী, মো. হিমেলসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
.jpg)
