পাবনার চাটমোহরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার (২৬ আগস্ট) বিকেলে চাটমোহর থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি চালানো হয় চাটমোহর থানাধীন বাগলবাড়ি কৈই গ্রামের হান্ডিয়াল চারমাথা ধোপাপুকুর রোডে। সেখান থেকে মো. ইমরান হোসেন (২৩) ও মো. সোহেল শেখ (২০) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। এ সময় ইমরানের কাছ থেকে ৬০ পিস এবং সোহেলের কাছ থেকে ৪০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের মোট ওজন ১০ গ্রাম।
অন্য এক অভিযানে চাটমোহর থানাধীন পূর্বটিয়ার তলা গ্রামে পাবনা-চাটমোহর সড়কের জয়নালের দোকানের সামনে থেকে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. রাব্বী ইসলাম (২১) ও মো. হাফিজুল ইসলাম (২০)। তল্লাশি চালিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে ২৫ পিস করে মোট ৫০ পিস (ওজন ৫ গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।
এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাটমোহর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) স্পষ্ট জানিয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
.jpg)
.png)