ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জমিতে অনুমোদনহীনভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে নির্মাণকাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের আইন ও নীতিমালা অনুযায়ী সরকারি অধিগ্রহণকৃত জমিতে অনুমতি ছাড়া বহুতল ভবন নির্মাণ দণ্ডনীয় অপরাধ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৫ জুলাই ২০২৬ তারিখে উপসহকারী প্রকৌশলী কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে জারি করা উপজেলার পারভাঙ্গুড়া গ্রামের বাসিন্দা মো. হারুণকে অবিলম্বে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সরেজমিন পরিদর্শন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত জমির সীমানার মধ্যে বহুতল ভবন নির্মাণ করছেন ।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে অথবা নির্দেশনা অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত নির্মাণাধীন ভবনের মালিক হারুন মেম্বার জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট থেকে কাজ বন্ধের একটি চিঠি পেয়েছি। বর্তমানে কাজ বন্ধ রেখেছি। পানি উন্নয়ন বোর্ডের জায়গাতে অনেকেই ভবন নির্মাণ করেছেন তাই আমিও নির্মাণ করছি।
পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গুড়া শাখার উপসহকারী মাহাতাব উদ্দিন জানান, সরকারি সম্পত্তিতে এ ধরনের অননুমোদিত বহুতল ভবন নির্মাণের ফলে অবৈধ দখল, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন পানি উন্নয়ন অবকাঠামোর ক্ষতি এবং জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে নির্মাণকাজ বন্ধ রাখার পাশাপাশি তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
.jpg)
