
ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ
অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর সহযোগী প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ যোগদান করেছেন। তিনি গত ১৪ জুন দায়িত্ব গ্রহণ করেন। তিনি পাবনার সাধুপাড়া মহল্লার ডা: সবিরউল ইসলামের সন্তান।
বাংলাদেশ সরকারের সুপারিশের ভিত্তিতে ওআইসি-এর মহাসচিব তাঁকে এ পদে নিয়োগ দেন।
আইইউটি উপাচার্যের ব্যক্তিগত সচিব নাহিদুল ইসলাম প্রধান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক রিয়াজের শিক্ষকতা, গবেষণা এবং উচ্চশিক্ষা প্রশাসনে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আইইউটিতে যোগদানের আগে তিনি মালয়েশিয়ার Universiti Malaysia Perlis-এ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া Universiti Kebangsaan Malaysia এবং Independent University, Bangladesh-এ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি জাপানের Ibaraki University থেকে বিজ্ঞান ও প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিশেষায়িত ক্ষেত্র ছিল VLSI Design।
ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, স্মার্ট সিস্টেম, বায়োমেডিক্যাল সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এমবেডেড সিস্টেম এবং মাইক্রোইলেকট্রনিক্স বিষয়ে তাঁর ৪০০-এর বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। Google Scholar-এ তাঁর গবেষণাকর্ম ২০ হাজারের বেশি বার উদ্ধৃত হয়েছে। তিনি ৭৫টিরও বেশি প্রতিযোগিতামূলক গবেষণা প্রকল্প পরিচালনা করেছেন, যার মোট আর্থিক মূল্য প্রায় ৪০ লাখ মার্কিন ডলার। ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় তাঁর নাম রয়েছে।
আইইউটির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক রিয়াজ ২০৩৫ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টিকে "ওআইসির গ্রিন ডিজিটাল ইউনিভার্সিটি" হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি শিক্ষা ও পাঠ্যক্রম আধুনিকায়ন, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষার্থীকেন্দ্রিক ক্যাম্পাস উন্নয়ন, গ্রিন-ডিজিটাল সুশাসন এবং মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন।
উপাচার্য জানিয়েছেন, তাঁর নেতৃত্বে AI & Digital Health, Smart & Sustainable Systems এবং Advanced Microelectronics & Embedded Intelligence শীর্ষক তিনটি গবেষণা ক্লাস্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিল্পখাতের সঙ্গে গবেষণা ও উদ্ভাবনভিত্তিক সহযোগিতা বৃদ্ধি, তথ্যনির্ভর প্রশাসন, KPI-ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা, নির্বাহী শিক্ষা সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
.jpg)