পাবনার ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আহাম্মদ আলি (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলি চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলির ছেলে। জীবিকার তাগিদে সে বিভিন্ন ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করত।
স্থানীয় সূত্রে জানা যায়, অভাব-অনটনের কারণে আহাম্মদ আলির পড়াশোনা বেশিদূর এগোয়নি। পরিবারের হাল ধরতে অল্প বয়সেই সে হকারি পেশায় যুক্ত হয়। প্রতিদিনের মতো সোমবার ভোরে চাটমোহর রেলস্টেশন থেকে ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আসে। পরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়।
এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহাম্মদের অকাল মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তার বাবা-মা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।
.jpg)
