মানসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. শামসুর খান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (০৭ জুন) বিকেলে করমজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শামুকজানী গ্রামের শামসুর খাঁর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন খানের সেজো ছেলে। পেশায় কৃষক ছিলেন। তিনি চার সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫ টার দিকে বসতবাড়ির উঠানে থাকা একটি আম গাছে আম পাড়ার জন্য গাছে ওঠেন তিনি। এসময় হঠাৎ তিনি গাছের ডাল ভেঙে মাটিতে পরে যান। এতে বুকে ও ঘাড়ে আঘাতে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
.jpg)
