মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় এক নিঃসন্তান ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দুই পক্ষই তাদের নিজেদের দাবি তুলে ধরে পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছে।
জানা গেছে, সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়ালমারী গ্রামের আনসার আলীর মৃত্যুর পর তার বসতবাড়ির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। যেহেতু তার কোনো সরাসরি উত্তরাধিকারী নেই, তাই আত্মীয়স্বজনদের দাবি করা ওয়ারিশদের মধ্যে এই বিরোধ চরমে পৌঁছেছে।
গত বৃহস্পতিবার রাতে প্রথমপক্ষ মৃত আনসার আলীর স্ত্রী রওশনারা খাতুন ও পালিত পুত্র হাসমত আলী আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেন, তারা বৈধ ওয়ারিশ এবং দীর্ঘদিন ধরে সম্পত্তির ভোগদখলে আছে। তাদের অভিযোগ, অপরপক্ষ জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা করছে এবং তাদের হয়রানি করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এদিকে অপরপক্ষ দেলোয়ার হোসেন শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে প্রথমপক্ষের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকৃত ওয়ারিশ তারাই। তারা দাবি করেন, কাগজপত্র অনুযায়ী সম্পত্তির অধিকার তাদের এবং প্রতিপক্ষ ভুয়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।
দুই পক্ষই নিজ নিজ অবস্থানের পক্ষে বিভিন্ন দলিল-দস্তাবেজ উপস্থাপন করেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন।
এ বিষয়ে পৌর প্রশাসন মৃত আনছার আলীর বৈমাত্রেয় ভাই-বোন ও তাদের সন্তানাদির অর্থাৎ দেলোয়ারদের ওয়ারিশান সনদ প্রদান করেছেন। সেই ওয়ারিশন সনদ অনুযায়ী তারা তাদের সম্পত্তির আসল হকদার দাবি করছেন।
.jpg)

