পাবনার ঈশ্বরদী উপজেলায় অটোরিকশায় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে আট বছরের একটি শিশু এবং ওই মোটরসাইকেলের আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।
রোববার (০৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নে কোলইকান্দি বটতলা এলাকায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শিশুটির নাম পরিচয় জানা গেছে। সে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ (৮)।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, আলিফ তার মা আঁখি ও খালার সঙ্গে পাবনা থেকে পাকশী বেড়াতে এসেছিল। রাতে ওই অটোরিকশায় মায়ের কোলে চড়ে বাড়িতে ফিরছিল সে।
পথে কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি সামান্য কাঁত হয়ে যায়। এসময় পেছনে থাকা মোটরসাইকেলের ধাক্কা লেগে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় আলিফ।
ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দিয়ে নামার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। এসময় ওই মোটরসাইকেল আরোহীও শিশুটিকে বাঁচাতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আলিফ ও মোটরসাইকেলআরোহী মারা যান। এতে আহত হন আলিফের মা আঁখি খাতুন।
ওসি আরও জানান, খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। তবে অটোরিকশা ও ট্রাক নিয়ে চালকরা পালিয়ে গেছেন। আহত আঁখিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.jpg)
