সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীতে খাল খনন স্থগিত: ইউএনওর অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ


পাবনার ঈশ্বরদীতে সরকারি খাল খনন কর্মসূচি স্থগিতকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথসভা করেছে জামায়াতে ইসলামী। রোববার (০৩ মে) শহরের রেলগেট জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

উপজেলা জামায়াতে ইসলামীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার ঘোষিত খাল খনন কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্যকে অসম্মান ও অসহযোগিতা করা হয়েছে। এ ঘটনায় ইউএনওর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তার অপসারণ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, আইন বিষয়ক সেক্রেটারি মো. হাফিজুর রহমান খান, পৌর শাখার আমির মওলানা মো. গোলাম আজম খান, সেক্রেটারি মওলানা মো. আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

জামায়াতে ইসলামীর পৌর শাখার আমির মওলানা গোলাম আজম খান বলেন, ‘সরকারি কর্মসূচি অনুযায়ী রোববার মুলাডুলি ইউনিয়নের কমলা নদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা ছিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলের। সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও হঠাৎ শনিবার রাতে ইউএনও ফোন করে কর্মসূচি স্থগিতের কথা জানান, যা এমপির প্রতি অবমাননা।’

এ বিষয়ে সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, ‘ইউএনও নিজেই আমার কাছ থেকে সময় নিয়ে অনুষ্ঠান আয়োজন করেছিলেন। কিন্তু হঠাৎ করে আগের রাতে তিনি আমাকে ফোন দিয়ে কর্মসূচি স্থগিতের কথা জানান এবং পরে নতুন তারিখ জানানো হবে বলেন।’

তবে এ বিষয়ে ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইব কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, মুলাডুলি এলাকায় সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারপিট, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন শনিবার বিএনপি ওই এলাকায় সংবাদ সম্মেলন করে। ফলে দুই দলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এই পরিস্থিতিতে খাল খনন কর্মসূচি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয়রা পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ প্রত্যাশা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ