পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মরত এক রুশ নাগরিক মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে গ্রীনসিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের ৮ তলার ৮৪ নম্বর ইউনিটে মারা যান তিনি।
রুশ নাগরিকের নাম- লাতিপভ ভিল (৪২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগোঅ্যাটম কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় তাকে দেখতে পান সহকর্মীরা। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ঈশ্বরদী থানা পুলিশের ওসি মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
.jpg)
