পাবনার ঈশ্বরদীতে ছাগলে সজনে পাতা খাওয়া ও বাড়ির আঙিনা নিয়ে পূর্ববিরোধের জেরে মাহাবুল হোসেন (৬০) নামের এক মিষ্টি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। নিহত মাহাবুল হোসেন ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে।
রোববার উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্ব পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আবুল বাশার নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী মো. আবুল বাশার মুন্সি ও তার বড় ভাই মো. তসলিম মুন্সির সজনে গাছের পাতা খেয়ে নষ্ট করেছে—এমন অভিযোগে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও বাগবিতণ্ডার পর হাতাহাতি থেকে মারামারি বাধে। এক পর্যায়ে মাহাবুল গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।
মারপিট ও চেঁচামেচি শুনে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথে মাহাবুলের মৃত্যু হয়েছে বলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. কাবেরী সাহা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, মাহাবুল হোসেন নামের ব্যক্তিকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত অভিযুক্ত আবুল বাশারকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তকেও আটকের চেষ্টা চলছে। ঘটনাটি আরও অধিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.jpg)
