সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় রাতের আঁধারে কৃষকের এক হাজার কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা




মনসুর আলম খোকন,সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় হাফিজুল ইসলাম নামে এক কৃষকের কলা বাগানের প্রায় এক হাজার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। শনিবার (২১ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুস্পপাড়া গ্রামে। 

জানা গেছে, পুস্পপাড়া গ্রামের হাকিম খাঁর ছেলে হাফিজুল ইসলাম জমির পাশে ক্যানালপাড়ে ৫০ শতাংশ জমিতে এক হাজার শবরি কলার গাছ রোপণ করেন। ওই জমিতে তিনি দীর্ঘদিন কলা চাষ করে আসছিলেন। কিন্তু শনিবার রাতে আঁধারে কে বা কারা তার কলাগাছ কেটে ফেলে।

স্থানীয় আয়েশা খাতুন (২৩) বলেন, মানুষ এত জঘন্য হতে পারে তা আমাদের জানা ছিল না- কলা গাছের সঙ্গে শত্রুতা। কচি, ফলন্ত এমনকি অনেক কলাগাছে কলার কাঁদি এসেছে। কচি-জালি কলাসহ বাগানের সব কলাগাছ কেটে দেওয়া জঘন্য অপরাধ। আমরা অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো ভুক্তভোগীকে প্রণোদনা বা কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করার।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর মোবাইল টিম ঘটনাস্থলে যায়। ঘটনাটি কে ঘটিয়েছে এমন তথ্য কৃষকসহ কেউ দিতে পারেনি। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ