ফ্যামিলি কার্ড নিয়ে একটি মহল পরিকল্পিত গুজব ছড়িয়ে দরিদ্র মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ও শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সোমবার (২ মার্চ) সকালে পাবনায় নিম্নবিত্ত মানুষের মাঝে রমজানের নিত্যপণ্য ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, দেশের কয়েকটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড প্রদান শুরু হয়েছে। পাবনায় এখনো এ কার্ডের কার্যক্রম শুরু হয়নি। কিন্তু একটি মহল মিথ্যা গুজব ছড়িয়ে দরিদ্র মানুষকে উত্তেজিত করছে।
এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শিমুল বিশ্বাস বলেন, ঈদের পর সারাদেশের সাথে পাবনায়ও ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন ও বিতরণ কার্যক্রম শুরু হবে। সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এ কার্ড বিতরণ করা হবে।
সুযোগসন্ধানী কুচক্রীদের প্ররোচনায় বিভ্রান্ত না হতেও আহ্বান জানান তিনি।
এর আগে এবি ট্রাস্টের উদ্যোগে ও তুরস্কের দাতব্য সংস্থা টার্কিশ কো অপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিকা) সহযোগিতায় পাবনা শহরের কুঠিপাড়া আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে সুবিধাবঞ্চিত ৩০০ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, তুরস্কের দাতব্য সংস্থা টিকার সমন্বয়কারী মোহাম্মদ আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা। এ ছাড়া জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ও সাংবাদিক আখিনুর ইসলাম রেমন প্রমুখ উপস্থিত ছিলেন।
পবিত্র রমজান মাসে নিম্নবিত্ত মানুষের পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তুরস্কের টিকার সমন্বয়কারী মোহাম্মদ আলী। এ সময় তুরস্কের পক্ষ থেকে মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ তথা পাবনার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তুরস্ককে ধন্যবাদ জানিয়ে শিমুল বিশ্বাস জানান, আমার রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা চর্চা নয়। ভাগ্যাহত মানুষের জন্য কাজ করা। সেই প্রয়াস থেকেই দেশ-বিদেশের বিত্তবানদের সম্পৃক্ত করে বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবারে তুরস্কের সহযোগিতায় এই মানুষদের জন্য রমজানের নিত্যপণ্য ও ইফতারসামগ্রী দেওয়া হচ্ছে। আশা করছি দুর্মূল্যের বাজারে এটি সুবিধাভোগীদের কিছুটা হলেও উপকারে আসবে।
ফ্যামিলি কার্ড নিয়ে পাবনায় কার্যক্রম শুরু না হলেও একটি মহল গুজব ছড়াচ্ছেন জানিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বানও জানান এমপি শিমুল বিশ্বাস।
এদিকে খেজুর, ছোলা, চিনি ও তেলসহ প্রায় ২০ কেজির উপহারসামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। তারা জানান, এই দুর্মূল্যের বাজারে ঈদের পূর্ব মুহূর্তে এ ধরনের সহযোগিতা পেয়ে খুশি হয়েছেন তারা।

0 মন্তব্যসমূহ