সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় বিএনপির ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা



পাবনার চাটমোহরে হাটবাজার ইজারার টেন্ডার দাখিলকে কেন্দ্র করে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯ জন নামীয়সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতিকুর রহমান সাচ্চুকে।

গত বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উপজেলা ও পৌর জামায়াত নেতাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের আহ্বানে বৃহস্পতিবার হাটবাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষ দিন ছিল। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব ছাইকোলা হাটের টেন্ডার শিডিউল জমা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং নির্ধারিত বাক্সে তা জমা দেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁর ওপর হামলা চালায়। 

এর কিছুক্ষণ পর ব্যক্তিগত কাজ শেষে ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান হাবিবের ওপরও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এর পর বিএনপির এক নেতার সহায়তায় হাবিব সেখান থেকে সরে যান। এ ঘটনায় পৌর জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ কয়েকজন আহত হন।

চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, ‘মারধরের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান জানান, ‘ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যে টেন্ডার দাখিল করেছেন, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি ইউএনওর কাছে গিয়েছিলাম আমার এলাকার একটি সমস্যাসংক্রান্ত কাজ নিয়ে। কাজ শেষে কক্ষ থেকে বের হতেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সবাই আমার ওপর হামলা করে। জামায়াত নেতারা আলোচনা করে মামলা দায়ের করেছেন।’ 

এ বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু বলেন, ‘মামলাটি ষড়যন্ত্রমূলক। ঘটনার সঙ্গে হাটবাজার ইজারা নেওয়া লোকজন জড়িত। বিএনপির কেউ জড়িত নন। বরং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও হামলাকারীদের হাত থেকে ভুক্তভোগীকে বাঁচানোর চেষ্টা করেছি।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ