ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর ভ্রাম্যমান আদালতে মো : বরাত হোসেন (২২) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার চরভঙ্গুড়া এলাকায় পাবনা ৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগরের ছবি ও দাঁড়িপাল্লা প্রতীকের ছবি সম্বলিত ভোটার স্লিপ বিতরণের সময় স্থানীয় জনতা তাকে আটক করে।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত বরাত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ আরোপ করেন। বরাত হোসেন উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চর ভাঙ্গুড়া পূর্ব পাড়া এলাকার মো: আনোয়ার হোসেন এর ছেলে।
ঘটনার বিষয় সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন, প্রার্থীর ছবি, মার্কা ও নাম সম্বলিত ভোটার স্লিপসহ নির্ধারিত সময়ের পরেও প্রচারণা চালানোয় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় ১০০০০/- টাকা অর্থদন্ডাদেশ আরোপ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ