পাবনার ভাঙ্গুড়ায় ফসলি জমির মাটি বিক্রি করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ চারজনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এর আগে নিউজ পাবনা অনলাইন নিউজ পোর্টালে ‘ভাঙ্গুড়ায় সরকারি সম্পত্তির মাটি ভেকু দিয়ে কেটে বিভিন্ন জায়গার বিক্রয় করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা, দেখবে কে?’ শিরোনামে একটি ভিডিও সংবাদ প্রকাশিত হলে এ ব্যবস্থা গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান চারজনকে জেল ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত মকবেল প্রামাণিকের ছেলে ইকবাল হোসেন (৩২), কৈডাঙ্গা গ্রামের মৃত আবু তাহের খাঁর ছেলে মিজানুর রহমান (৪৩) ও মাগুরা গ্রামের আসাদুজ্জামানের ছেলে নাইমুল ইসলাম সুজন (২৪)।
দণ্ডপ্রাপ্ত সুজন খান (২৮) উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রামের সুলতান খানের ছেলে। তিনি দিলপাশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামে অবৈধভাবে ফসলি জমির কেটে মাটি বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে নিউজ পাবনা অনলাইন নিউজ পোর্টালে ভিডিও সংবাদ প্রকাশিত হলে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করে পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতে সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অন্যদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এসব ব্যক্তিদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ফসলি জমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ