।। আব্দুল্লাহ আল মামুন।।
একসময় সাহিত্যের মূল স্রোতধারা ছিল গভীর চিন্তা, মননশীলতা ও শিল্পের শুদ্ধ সৌন্দর্য। পাঠক বইয়ের পাতায় খুঁজে পেতেন আত্মার খোরাক, চিন্তার খোরাক। কিন্তু আজ সেই সাহিত্য যেন এক কোণে উপেক্ষিত, আর সামনে আলো ছড়াচ্ছে চটকদার জনপ্রিয়তার মোহ। মূলধারার লেখকরা হারিয়ে যাচ্ছেন, তাঁদের স্টল ফাঁকা; আর কনটেন্ট ক্রিয়েটরদের স্টলের সামনে উপচে পড়ছে ভিড়।
বইমেলা একসময় ছিল সাহিত্যপ্রেমীদের মিলনমেলা, কিন্তু এখন তা অনেকটাই পর্যবসিত হয়েছে বিনোদনমূলক ভ্রমণে। বইয়ের গন্ধ ম্লান হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডের নিচে। দর্শনার্থী আসে, ঘুরে দেখে; হয়তো কিছু ছবি তোলে- কিন্তু বই কেনে না। সেলফি ক্যামেরার ফ্ল্যাশের নিচে চাপা পড়ে মূলধারার সাহিত্য। একসময়ের চিন্তাশীল পাঠক পরিণত হয়েছে কেবলমাত্র দর্শকে, আর বইমেলা রূপ নিয়েছে প্রদর্শনীতে; যেখানে কদর বেশি মাকাল ফলে, প্রকৃত ফুলের নয়।
প্রকৃত ফুল জন্ম নেয় প্রকৃতির আশীর্বাদে, তার সুবাস মনোমুগ্ধকর, তার সৌন্দর্য চিরকালীন। পক্ষান্তরে, মাকাল ফল দেখতে আকর্ষণীয় হলেও তা ভেতরে শূন্য, নিরর্থক। ঠিক তেমনই, বর্তমান সাহিত্যাঙ্গনে প্রকৃত মননশীল সাহিত্যিকদের চেয়ে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল জনপ্রিয়তায় এগিয়ে থাকা লেখকেরাই বেশি আলোচিত। চিন্তার গভীরতার চেয়ে সহজবোধ্য চটুলতা পেয়েছে অধিক গ্রহণযোগ্যতা। গভীরতা যেখানে বোঝার প্রয়োজন পড়ে, সেখানে মানুষের ধৈর্য কমে গেছে।
সাহিত্যের এই পরিবর্তন কি সময়ের দাবি? নাকি এটি এক প্রকার অবক্ষয়? মূলধারার সাহিত্য কি তবে কেবল অতীতের গৌরব হয়ে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আগেই আমরা দেখতে পাই, কৃত্রিম জনপ্রিয়তার এই জোয়ারে হারিয়ে যাচ্ছে চিন্তার গভীরতা।
বইমেলা একসময় ছিল পাঠকের মেলা, কিন্তু এখন তা অনেকাংশে রূপ নিচ্ছে বিনোদন কেন্দ্র হিসেবে। মানুষ আসে, দেখে, ছবি তোলে, কিন্তু বই কেনে না। পাঠকের চেয়ে দর্শনার্থীর সংখ্যা বেশি হলে বোঝা যায়, সাহিত্য এখন কেবল প্রদর্শনীর বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলধারার সাহিত্য যেখানে চিন্তার খোরাক দেয়, সময় নিয়ে পাঠ করতে হয়; সেখানে মানুষ এখন ক্ষণস্থায়ী আনন্দে অভ্যস্ত।
তবে কি সাহিত্যের প্রকৃত পাঠক আর নেই? নাকি তারা ছড়িয়ে আছে, অপেক্ষা করছে নতুন কোনো আলোর জন্য? এই সংকটের সমাধান কি শুধুই সময়ের হাতে? নাকি আমাদের ফিরে তাকানো দরকার- সেই মূলধারার দিকে; যেখানে সাহিত্য কেবল বিনোদন নয়, বরং আত্মার খোরাক হয়ে ওঠে?
সাহিত্যের প্রকৃত সৌন্দর্য কখনো হারিয়ে যেতে পারে না, হারিয়ে যেতে পারে না প্রকৃত পাঠকরাও। সময়ের এই পরিবর্তন কেবল একটি ধারা, কিন্তু প্রকৃত মূল্যবোধ চিরকালই টিকে থাকে। তাই, আজ হয়তো মাকাল ফলের কদর বেশি, প্রকৃত ফুলের নয়; কিন্তু একসময় প্রকৃত সাহিত্য আবার তার যোগ্য আসন ফিরে পাবে। হয়তো তখন বইমেলায় দর্শনার্থীর ভিড় কমে, পাঠকের সংখ্যা বাড়বে। মূলধারার সাহিত্য আবারও মাথা তুলে দাঁড়াবে; আর আমরা আবারও সেই সুবাস পাবো, যা প্রকৃত ফুল এনে দেয়- সৌন্দর্যে, গন্ধে, এবং আত্মার গভীরতায়।
আব্দুল্লাহ আল মামুন
প্রশিক্ষক ও আবৃত্তি শিল্পী, কবি এবং সংগঠক
(নিউজ পাবনার মুক্তমত কলামের সকল লেখা লেখকের একান্তই নিজস্ব মতামত। এর সাথে নিউজ পাবনার সম্পাদকীয় নীতিমালার মিল নাও থাকতে পারে।)
.jpg)
