মাদকবিরোধী অভিযানে পাবনার বেড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একদিনে সাতজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত পৃথক দুটি অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
বেড়া মডেল থানার এসআই রাশেদের প্রসিকিউশনে পরিচালিত অভিযানে হৃদয় হোসেন (পিতা: এলাহী বক্স, গ্রাম: কুশিয়ারা) নামে এক যুবককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উঠে আসে, তার বিরুদ্ধে এর আগেও ছয়টি সিএনজি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। কয়েকজন সিএনজি চালক আদালতের সামনে উপস্থিত হয়ে নিজেদের ভুক্তভোগী হিসেবে পরিচয় দেন।
অভিযোগ অনুযায়ী, হৃদয় হোসেন কাশিনাথপুর মোড় থেকে কৈটোলা বাঁধে যাওয়ার কথা বলে একটি সিএনজি ভাড়া করেন। কিছুদূর যাওয়ার পর তিনি একটি মুদি দোকান থেকে জুস কিনে এক চুমুক খাওয়ার ভান করেন। পরে গ্যাস্ট্রিকের সমস্যা দেখিয়ে অবশিষ্ট জুস চালককে পান করতে বলেন। জুস পান করার কিছুক্ষণের মধ্যেই চালক অসুস্থ ও অচেতনসদৃশ হয়ে পড়েন। এ সুযোগে অভিযুক্ত সিএনজিটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে।
আদালতে হৃদয় হোসেন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদক সেবনের কারণে অসংলগ্ন অবস্থায় এ ধরনের অপরাধে জড়িয়ে পড়েন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একই দিনে আমিনপুর থানার এসআই আবদুল লতিফের প্রসিকিউশনে পরিচালিত পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে আরও ছয়জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—
আজিজুল ইসলাম (শিবপুর) — ১ মাসের কারাদণ্ড
মো. রুবেল শেখ (শিবপুর) — ৭ দিনের কারাদণ্ড
মনোয়ার সাদাত (নাটিয়াবাড়ি) — ৭ দিনের কারাদণ্ড
জাহাঙ্গীর হোসেন (সিন্দুরিয়া) — ৭ দিনের কারাদণ্ড
সুজন শেখ (নাটিয়াবাড়ি) — ৭ দিনের কারাদণ্ড
আব্দুল্লাহ (নাটিয়াবাড়ি) — ৭ দিনের কারাদণ্ড
বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
.jpg)
