ফয়সাল মাহমুদ পল্লব: পাবনা জেলা শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বেপরোয়া গতিজনিত দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে ৬ দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা সদর ট্রাফিক পুলিশ। পাবনার পুলিশ সুপারের (এসপি) সরাসরি নির্দেশনায় শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অভিযানের শুরুতেই ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বিগত কয়েকদিনের টানা অভিযানে হেলমেট না পরা, যত্রতত্র অবৈধ পার্কিং, যানবাহনের বৈধ নথিপত্র (লাইসেন্স ও ফিটনেস) না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোটরসাইকেলসহ মোট ৫৫টি বিভিন্ন ধরনের যানবাহন জব্দ করা হয়েছে।
একই সাথে বিভিন্ন অপরাধে ট্রাফিক আইনে মোট ৭০টি মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ।
শহরের ব্যস্ততম ট্রাফিক মোড়, আব্দুল হামিদ রোড, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা এবং বাইপাস সড়কসহ বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে ট্রাফিক পুলিশ। বিশেষ করে মোটরসাইকেলের চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ এবং ইজিবাইকের যত্রতত্র পার্কিং বন্ধে কঠোর অবস্থান দেখা গেছে।
এই বিশেষ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পাবনা শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক (টিআই) সদাকাতুল বারী।
অভিযান প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানান, “পাবনা শহরের প্রধান সড়কগুলোকে সম্পূর্ণ যানজটমুক্ত রাখা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই পুলিশ সুপারের নির্দেশে আমরা এই বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি। শহরের যান চলাচল স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে আগামীতেও এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।”
অভিযান সফলভাবে পরিচালনায় মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম, সার্জেন্ট আমান, সার্জেন্ট কাউসার এবং টিএসআই আব্দুল বারেকসহ ট্রাফিক পুলিশের অন্যান্য চৌকস সদস্যরা।
এদিকে ট্রাফিক পুলিশের এই সময়োপযোগী ও কঠোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাবনার স্থানীয় সচেতন নাগরিক, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসচেতন চালকের বেপরোয়া ড্রাইভিং, কাগজপত্রহীন অবৈধ যানবাহন এবং রাস্তার ওপর যত্রতত্র অবৈধ পার্কিংয়ের কারণে পাবনা শহরে পা ফেলাই দায় হয়ে পড়েছিল।
ট্রাফিক বিভাগের এই নিয়মিত ও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকলে শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার একটি স্থায়ী ও কার্যকর সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা।
.jpg)
