সরকারি যেকোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে প্রচারণামূলক উপকরণের নকশায় অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার (৫ জুলাই ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রের নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডি (3D) কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। প্রচারণাসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় পরিহার করে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন নিশ্চিত করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই আদেশ যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখতে পান যে, একটি মন্ত্রণালয়ের কর্মসূচি উপলক্ষে সড়কের পাশে ব্যানার ও ফেস্টুনে তাঁর ছবি প্রদর্শন করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে এসে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই নির্দেশনা জারির নির্দেশ দেন।
.jpg)
