পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাঈম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে দিকে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শহরের আরএম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নাঈম বাসা থেকে শহরের অদূরে কালিকো কটন মিল এলাকায় মোটরসাইকেলের হাটে মোটরসাইকেল বিক্রি করতে যাচ্ছিলো। পাবনা-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে পৌঁছালে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
.jpg)
