সাঁথিয়ায় নেশাখোর ছেলে আব্দুর রাজ্জাকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করে পুলিশে ধরিয়ে দিলেন ভুক্তভোগী মা। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসদরের ফকিরপাড়া গ্রামে। আব্দুর রাজ্জাক (৩০) সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেজো ছেলে। আব্দুর রাজ্জক দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন মাদকসেবন ও মাদক ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। ইদানিং সে মাদক সেবনের টাকা না পেলে তার স্ত্রী এবং মাকে বিভিন্ন সময়ে মারধর করে সংসারে অশান্তির সৃষ্টি করে। তার মাকে সে একাধিকবার মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার মা মনোয়ারা খাতুন এদিক-সেদিক বুঝতে না পেরে পারিবারিকভাবে সবার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থানায় লিখিত অভিযোগ দেন। মনোয়ারা খাতুনের অভিযোগের ভিত্তিতে শনিবার (০৪ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাকে আটক করে পুলিশ।
রবিবার (৫ জুলাই ) দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজ্জাক মুন্সীকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে এক বছরের জেল ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন। জরিমানার টাকা না দিতে পারায় তাকে আরো এক মাসের জেল সর্বমোট এক বছর এক মাসের জেল প্রদান করেছেন।
এছাড়া একইদিন নাগডেমড়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের ইউনুস প্রামানিকের ছেলে সানাউল্লাহকে মাদক সেবনের অপরাধে তিন মাসের জেল ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা না দিতে পারায় আরো এক মাসের জেল সর্বমোট চার মাসের জেল প্রদান করা হয়েছে।
.jpg)
