সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীতে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা আহত


পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে মো. রবিন নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহত রবিন (৩০) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাকশী ইপিজেড এলাকার বাসিন্দা ওহিদুল ইসলামের ছেলে রবিন সকালে এক বন্ধুকে ডাকতে গিয়ে ঠাকুরপাড়া এলাকায় সোহাগের দোকানের সামনে পৌঁছালে যুবলীগ কর্মী মুন্নাসহ ৩-৪ জনের মুখোমুখি হন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মুন্না তাকে উদ্দেশ্য করে ‘তুই আমাকে খুঁজছিস কেন?’ বলে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রবিনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পাকশী এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।

উপজেলা যুবদলের সদস্য শাহারিয়ার শাহান অভিযোগ করে বলেন, আলোচিত পিন্টু ও মানিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুন্না সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের মদদে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম তুহিন বলেন, আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। বের হওয়ার পর অনেক মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে এই ছেলেকে আমি চিনি না। যেকোনো হামলার ঘটনায় আমি নিন্দা জানাই এবং অপরাধীর শাস্তি চাই।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ