দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, বলাৎকার এবং নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে 'সম্মিলিত সাংস্কৃতিক জোট' পাবনা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নিয়ে দেশজুড়ে চলমান এই অপরাধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, বর্তমানে দেশে ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনা এক ভয়াবহ ও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। প্রতিদিন সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকালেই দেশের কোথাও না কোথাও ধর্ষণ, বলাৎকার বা নির্মম হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক খবর চোখে পড়ে। এই সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতি রুখতে হবে।
"এসব অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একমাত্র কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি বন্ধ করা সম্ভব।"
সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা শাখার সাধারণ সম্পাদক ও ইছামতী থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরীর সঞ্চালনায় ও উপস্থিতিতে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উদীচী পাবনার সভাপতি কাজী মারুফা, সাধারণ সম্পাদক দিবাকর চক্রবর্তী, ড্রামা সার্কেল পাবনার সভাপতি হাফিস ইসলাম, মাটির মঞ্চের সদস্য সচিব ও সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক সম্পাদক এস এম আইয়ুব আলী, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, পথ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এফ কে বাচ্চু এবং ইছামতী থিয়েটারের সহকারী পরিচালক রবিউল রনি সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারী-খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
.jpg)
