ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজে নির্বাচনী পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ১২ জন এবার চূড়ান্ত এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, আসন্ন এইচএসসি পরীক্ষার আগে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। নিয়ম অনুযায়ী এসব শিক্ষার্থীর মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল না। এতে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা ফরম পূরণ করতে না পেরে বিভিন্নভাবে তাদের হতাশার কথা প্রকাশ করে।
পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ পুনরায় ২৪ শিক্ষার্থীর পরীক্ষা নিলে মাত্র ২ জন উত্তীর্ণ হয়। ফলে বাকি ২২ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
এরপর অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ১২ জন ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে পাশ্ববর্তী বিবি স্কুল অ্যান্ড কলেজে যোগাযোগ করে এবং বোর্ডের নিয়ম অনুযায়ী ফরম পূরণ করে। ফলে তারা চলতি বছরই চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
সুযোগ পাওয়া শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছে। তবে বাকি শিক্ষার্থীরা আগামী বছর পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়া ১২ শিক্ষার্থী কলেজ পরিবর্তন করে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে।
অন্যদিকে, বিবি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, টিসি নিয়ে আসা শিক্ষার্থীদের বোর্ডের নিয়ম মেনে ফরম পূরণ করা হয়েছে। ফলে তারা এবছরই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন

0 মন্তব্যসমূহ