সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় হলুদের গালিচায় মধুর গুঞ্জন



রনি ইমরান,পাবনাঃ সরিষার হলুদ ফুলে ভরে গেছে পাবনার মাঠ প্রান্তর । গুণগুন গান গেয়ে মধু সংগ্রহে ব্যস্ত এখন মৌমাছিরা। পাবনার সদর উপজেলায় সরিষা খেতে সারি সারি মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছে মৌ-চাষিরা। খেত থেকেই বিক্রি হচ্ছে খাঁটি মধু। 

জেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমে জেলায় প্রায় ৪৯ হাজার ৪২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আর মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১০ টন। শুক্রবার ৩০ জানুয়ারি পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের পয়দা এলাকাতে দেখা যায়, একটি সরিষার খেত ভাড়া নিয়ে মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছে নয়ন ও শামীম দুই ভাই । মোট ১৬০ টি মৌ বাক্স আছে তাদের । প্রতিটি মৌ বাক্সে দিনে ২ থেকে ৫ কেজি মধু সংগ্রহ করে তারা। তারা  জানায়, এখন সরিষা ফুলের মধুর কদর বেড়েছে। প্রতিনিয়ত ক্রেতাদের ভীর বাড়ছে। খেত থেকেই মধু বিক্রি করি প্রতি কেজি ৫'শত টাকা করে। মধু সংগ্রহের কাজে  জমির ভাড়া শ্রমিকের মজুরি বাবদ আগের চেয়ে খরচ বেড়েছে বলে জানায় তারা। 

তাদের খেত থেকে মধু কিনতে দেখা যায় স্থানীয় বাসিন্দা গফুর শেখকে তিনি  বলেন, চারিদিকে ভেজালের ভীরে এখন মধু কিনতে ভরসা পাই না। এখানে এসে দেখে শুনে খাঁটি মধু কিনলাম। প্রতি কেজির দাম নিল ৫ শত টাকা করে। পাবনার মালিগাছা ইউনিয়নের মৌ-চাষি সিরাজ  জানান, মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করাতে পরাগায়ন বৃদ্ধি পায়। এতে ফসলের ফলনও বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, মধুর ব্যাপক চাহিদা রয়েছে এলাকাজুড়ে। জায়গায় বসেই তাদের মধু বিক্রি হয়ে যাচ্ছে। শহর থেকে অনেকেই আসে খাঁটি মধু কিনতে।  

কৃষকরা আরো জানান, মৌ চাষের ফলে তাদের আগের তুলনায় বেশি ফলন হচ্ছে। এতে তাদের লাভ হচ্ছে। সরিষা ফুল থেকে মধু উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাবনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক  বলেন, সরিষার উৎপাদন বৃদ্ধিতে মৌ বাক্স স্থাপন করলে উৎপাদন বৃদ্ধি পাবে। চাষিদের সহায়তায় আমরা কাজ করে যাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ