মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় সিএনজি উল্টে প্রাণ গেল সাদিব নামের ৮ বছরের এক শিশুর। এ সময় সিএনজির যাত্রী সাঁথিয়া প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি আশিক ইকবাল রাসেলসহ ৬ জন আহত হয়েছেন।
নিহত সাদিব উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুকা গ্রামের ফারুক হোসেনের ছেলে। গুরুতর আহত সিএনজি চালক সাঁথিয়ার লক্ষীপুর গ্রামের জয়েন খাঁর ছেলে মাহতাব উদ্দিনকে (৫০) প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সাঁথিয়া-পুন্ডুরিয়া আঞ্চলিক সড়কের আফড়া শামুকজানি বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন একটি সবুজ সিএনজি সাঁথিয়া থেকে যাত্রী নিয়ে উপজেলার সাঁথিয়া-পন্ডুরিয়া আঞ্চলিক সড়কের আফড়া শামুকজানি বাজারের নিকট পৌঁছলে সাদিব সড়ক পার হওয়ার সময় সিএনজির সামনে দিয়ে দৌড় দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারলে সাদিব গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ সময় সিএনজিটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে সিএনজির ছয়জন যাত্রী আহত হন। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শিশু সাদিবের বাবা ফারুক হোসেন জানান, আজ সাদিবের জন্মদিন ছিল। ছেলের জন্মদিন পালন করার জন্য বাড়িতে আয়োজনও করা হয়েছিল কিন্ত পালন করা হলো না। এর চেয়ে দুঃখের আর কিছু নেই। ছেলেটি স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.jpg)
