মাসুদ রানা: দীর্ঘ কর্মজীবনের দায়িত্ব ও ব্যস্ততার ইতি টেনে অবসর জীবনে পা রাখলেন পাবনার আটঘরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বেলাল হোসেন। তাঁর বিদায়কে ঘিরে মঙ্গলবার কলেজের শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো আবেগঘন বিদায় সংবর্ধনা। সহকর্মী, শিক্ষাবিদ ও অতিথিদের স্মৃতিচারণ, শুভকামনা ও ভালোবাসায় অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় আটঘরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অধ্যক্ষ মহোদয়ের বিদায় সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও সভাপতি মোঃ লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাহমিদুল ইসলাম, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল নাহার, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজুদ্দিন, পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ আলী, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাঁথিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ইকরামুল হকসহ অন্যরা।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাহমিদুল ইসলাম বলেন, “অধ্যক্ষ প্রফেসর মোঃ বেলাল হোসেন দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান আটঘরিয়ার শিক্ষা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। অবসর জীবনে তিনি সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনযাপন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। তাঁর আগামী দিনের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল বলেন, “অধ্যক্ষ প্রফেসর মোঃ বেলাল হোসেন একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দীর্ঘ সময় ধরে তিনি শিক্ষা ও প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে একজন অধ্যক্ষের যে নিষ্ঠা, ধৈর্য ও নেতৃত্বের প্রয়োজন, তাঁর কর্মজীবনে আমরা তার প্রতিফলন দেখেছি। তাঁর অবসর জীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা।”
অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ প্রফেসর মোঃ বেলাল হোসেনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অবদানের প্রশংসা করেন। তাঁরা বলেন, একজন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করেননি; শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সমন্বয় রেখে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতেও ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে আটঘরিয়া সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শফিকুল আলম রাজু, প্রভাষক জুলফিকার ইসলাম সাগর, রজব আলী, সাইদুল ইসলাম, ওমেদ হাসান, জাহিদুল ইসলাম, কবিতা রানী, আবুল কালাম আজাদ, ইব্রাহিম খলিল, জমিন উদ্দীন প্রমূখ।
এ সময় সহকর্মীরা অধ্যক্ষ প্রফেসর মোঃ বেলাল হোসেনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। বিদায় সংবর্ধনায় বক্তাদের বক্তব্য ও স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ কর্মজীবন শেষে অধ্যক্ষ প্রফেসর মোঃ বেলাল হোসেনের অবসর উপলক্ষে সহকর্মীদের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে তাঁর প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয় এবং তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
.jpg)
