পাশাপাশি দুই মোটরসাইকেলের ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পরে ট্রাক চাপায় বাহারুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি বাজার এলাকায়।
নিহত বাহারুল ঈশ্বরদী পৌরসভার মাহাতাব কলোনী এলাকার মৃত আফিল উদ্দিনের ছেলে। তিনি নিজেও মোটর শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা সদর থানার আট মাইল এলাকায় ১১ দিন বয়সী শিশু কন্যা ও স্ত্রীকে দেখতে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়িতে যান বাহারুল। সেখান থেকে ২ সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ঢুলটি বাজার এলাকায় আসলে পাশাপাশি দুই মোটর সাইকেলের ধাক্কা লাগলে ছিটকে পরেন তারা।
এ সময় দ্রুত গতিতে ধেয়ে আসা একটি ট্রাক বাহারুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবার মৃত্যু হলেও দুই শিশু প্রায় অক্ষতই আছে। পরে শিশু দুটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
.jpg)
