পাবনার ঈশ্বরদীতে যাত্রীবেশে দুই দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে সড়কে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার দাশুড়িয়া মুনসিদপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত অটোরিকশা চালক মো. নিশাতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
মো. নিশাত কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বলবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।
চালক মো. নিশাত জানান, পাবনা শহরের বাস কাউন্টার এলাকা থেকে দুই ব্যক্তি রূপপুরে যাওয়ার জন্য তার সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। এসময় ২০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। যাত্রীদের নিয়ে তিনি রূপপুরের উদ্দেশে রওনা দেন।
পরে অটোরিকশাটি দাশুড়িয়া সুগার মিল এলাকা অতিক্রম করে তেঁতুলতলায় পৌঁছালে পেছনে বসা দুই যাত্রী হঠাৎ তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে চালকের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি অটোরিকশা থেকে সড়কে পড়ে যান। পরে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, এ বিষয়ে এখনো মামলা হয়নি। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে ছিনতাকারীদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
.jpg)
