সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক অস্ত্রধারী ব্যক্তির ভিডিওকে কেন্দ্র করে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে একটি সক্রিয় বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে নজরদারিতে থাকা ওই ব্যক্তির ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি গুরুত্বসহকারে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য বিকেলে পাবনা শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শহিদ মোল্লা (৪০)। তিনি আমিনপুর থানার বাঘুইল মোল্লা পাড়া এলাকার বাসিন্দা এবং মাজেদ মোল্লার ছেলে।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী রাত আনুমানিক ৯টার দিকে আমিনপুর থানার বাঘুইল মোল্লা পাড়া এলাকায় তার বসতবাড়ির নিকট থেকে একটি সক্রিয় বন্দুক ও ৪ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।