পাবনার চাটমোহর উপজেলায় ঢাকাগামী চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে সোহেল রানা (৪০) নামে রেলওয়ে জিআরপি পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় চাটমোহর রেল স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে অতিক্রম করার সময় ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা ওই পুলিশ সদস্য ছিটকে পড়ে আহত হন। আহত জিআরপি পুলিশ সদস্য সোহেল দিনাজপুর জেলার বিরল উপজেলার নেরাবাড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং জনিত কারণে মূলাডুলি স্টেশনে দাঁড়ায়। প্রচুর ভিড় থাকায় ওই ট্রেনে কর্মরত সোহেল রানাসহ আরেক পুলিশ সদস্য এবং একজন টিটি স্টেশনে নেমে পায়চারি করছিলেন। হঠাৎই সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে দিলে অন্য দুইজন কোনোমতে উঠতে পারলেও পুলিশ সদস্য সোহেল রানা ট্রেনে উঠতে পারেননি। পরে তিনি ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিমি আসার পর চাটমোহর স্টেশনে ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইনের পাশে পড়ে যান ওই পুলিশ সদস্য। অল্পের জন্য তিনি ট্রেনের চাকার নিচে পড়েননি।
এতে তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ সদস্যরা এসে আহত পুলিশ সদস্য সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান।
এদিকে চাটমোহর স্টেশনে দাঁড়িয়ে থাকা মুসাব্বির হক রাসেল নামের এক যুবক ট্রেন যাওয়ার ভিডিও করার সময় ট্রেন থেকে পুলিশ সদস্যের পড়ে যাওয়ার দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ে। তিনি ভিডিওটি ফেসবুকে পোস্ট দিতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ওই পুলিশ ট্রেনেই কর্মরত ছিলেন। ট্রেন থেকে পড়ে আহত হলে হাসপাতালে আনা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে নিয়ে গেছে।
.jpg)
0 মন্তব্যসমূহ