পাবনার বেড়া পৌর এলাকায় দোকানের আড়ালে জাল সনদ তৈরির অভিযোগে আকাশ হোসেন ও রাকিব হোসেন নামে দুই যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) বিকেলে বেড়া মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজ গেট এলাকায় এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় টাকার বিনিময়ে বিভিন্ন শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরি করা হচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে মায়িশা খান। অপরাধীদের ধরতে তিনি কৌশলে অফিসের দুজন কর্মীকে সাধারণ গ্রাহক সাজিয়ে ওই দোকানে পাঠান।
অভিযুক্ত রাকিব জানান, তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত সনদ তৈরি করতে পারেন। তবে এসএসসি বা উচ্চতর সনদ পাশের ‘আকাশ কম্পিউটার’ থেকে করা সম্ভব।
এরপর দুই দোকানেই অভিযান চালিয়ে জাল সনদ তৈরির সফটওয়্যার, ওয়ার্ড ফাইল ও বিপুল পরিমাণ ভুয়া নথিপত্র জব্দ করা হয়। অনলাইনে যাচাই করে দুটি জন্মসনদ ও দুটি শিক্ষাগত যোগ্যতার সনদ ভুয়া বলে নিশ্চিত হয় প্রশাসন। পরে অপরাধ স্বীকার করায় দণ্ডবিধির ১৭০ ধারায় আকাশকে ১০ হাজার টাকা এবং রাকিবকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে মায়িশা খান জানান, অভিযুক্তদের পারিবারিক অসচ্ছলতা ও ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কাজ না করার মুচলেকা বিবেচনায় তাদের জেল দেয়া হয়নি। তবে তাদের কঠোর নজরদারিতে রাখা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ