সর্বশেষ

6/recent/ticker-posts

চাটমোহরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 


পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে ঋণের মামলার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সবুর তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সবুর তালুকদার মথুরাপুর গ্রামের কুরান তালুকদারের ছেলে। এলাকায় তিনি অত্যন্ত শান্ত ও ভদ্র প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সবুরের ছোট মেয়ের জামাই তার বোনের জামাইয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। সময়ের ব্যবধানে সুদে-আসলে সেই ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় তিন লাখ টাকা। টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদার পক্ষ একটি মামলা দায়ের করেন, যেখানে সবুর তালুকদারকে ৫ নম্বর আসামি করা হয়। এই মামলা ও ঋণের বোঝা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন।

বিকেলের দিকে বাড়ির পাশের মাঠে খেলতে যাওয়া শিশুরা সবুরের মরদেহ গাছে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। স্বজনদের দাবি, পাওনাদারের মামলার হয়রানি ও হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

মথুরাপুর ইউনিয়নের সাবেক সদস্য মুক্তার হোসেন জানান, নিহত সবুর তার প্রতিবেশী ছিলেন এবং অত্যন্ত সহজ-সরল ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যাচ্ছিল।

তিনি জানান, ঈশ্বরদীর অরনকোলায় সবুরের বোনের জামাইয়ের কাছ থেকে তার ছোট মেয়ের জামাই সুদে ৫০ হাজার টাকা নেন। পরে সুদে-আসলে সেই টাকা প্রায় তিন লাখ টাকায় দাঁড়ায়। টাকা পরিশোধ করতে না পারায় একটি মামলা হয়। যেখানে সবুরকে ৫ নম্বর আসামি করা হয়। বিষয়টি নিয়ে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।

এলাকাবাসী জানান, বিকেলের দিকে বাড়ির পাশে মাঠে খেলতে যাওয়া কয়েকজন শিশু সবুরকে গাছের সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে লোকজন এসে বিষয়টি পুলিশকে জানায়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ